মাদকবিরোধী কর্মসূচির নামে আইন হাতে না নেয়ার আহ্বান এমপি বাবুলের

রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক সতর্কতামূলক পোস্টে তিনি এ আহ্বান জানান।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
এমপি শহিদুল ইসলাম খান বাবুল
এমপি শহিদুল ইসলাম খান বাবুল |নয়া দিগন্ত

ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল মাদকবিরোধী কর্মসূচির নামে কোনো ধরনের ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৬ জুন) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক সতর্কতামূলক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় মাদকবিরোধী কর্মসূচির নামে বাড়িঘর ভাঙচুর এবং অভিযুক্ত ব্যক্তিদের ধরে মারধরের মতো দু-একটি ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়।

এমপি বাবুল তার পোস্টে উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময়ই স্পষ্ট ও পরিষ্কার। মাদক নির্মূলে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং পাড়া-মহল্লায় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রশাসনকে তথ্য দেয়ার জন্য আমরা জনগণকে উৎসাহিত করছি। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন।

তিনি আরো বলেন, মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অবশ্যই আইনানুগ পন্থা অবলম্বন করতে হবে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাই মাদক কারবারি বা অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ প্রশাসনকে জানাতে হবে।

শহিদুল ইসলাম খান বাবুল জানান, বর্তমান সরকার মাদকবিরোধী আইনকে আরো কার্যকর ও শক্তিশালী করতে জাতীয় সংসদে প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়িত হবে।

এ সময় তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে মাদক নির্মূলে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।