লাকসামে জুলাই শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের সহযোগীদের দেশের প্রচলিত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Laksam
আলোচনা সভায় অতিথিরা
আলোচনা সভায় অতিথিরা |নয়া দিগন্ত

কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় লাকসাম সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

আলোচনা সভায় বক্তারা বলেন, যারা জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং জনগণের সাথে প্রতারণা করেছে, তাদের পরিণতি ফ্যাসিস্ট হাসিনার চাইতেও খারাপ হবে।

তারা আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের সহযোগীদের দেশের প্রচলিত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই আন্দোলনকে ধারণ করে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ওলামা-মাশায়েখ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ তাহেরী।

লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, জুলাই শহীদ আব্দুর রহমান জিসানের বাবা বাবুল সরকার, পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি নূরে আলম, মাস্টার এ কে এম শাহআলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন রায়হান, লাকসাম উপজেলা সভাপতি রিয়াজ হোসেন, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের কুমিল্লা জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ও আহত জুলাই যোদ্ধা তানবীরুল ইসলাম, আহত জুলাই যোদ্ধা মাসুদ রানা সৌরভ প্রমুখ।

এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দারসহ লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াতের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।