কুমিল্লার নাঙ্গলকোটে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার (৮ মে) দুপুরে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া।
সভায় তিনি বলেন, “আমি আপনাদের সহযোগিতায় এমপি হই নাই। গত ১৭ বছর আপনাদের কাউকে নাঙ্গলকোট নিয়ে কোনো নিউজ করতে দেখি নাই। সুতরাং ৫৮ মাস আমার ক্ষমতা আছে। আমি যেভাবে চাই, সেভাবে চলতে হবে।”
তার এ বক্তব্যের ভিডিও রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সভায় নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লাকে বিএনপির আরেক নেতা আবদুল গফুর ভূঁইয়ার সাথে তোলা ছবি দেখিয়ে একাধিকবার “ফ্যাসিস্টের দোসর” বলে আখ্যা দেন এমপি। অভিযোগ রয়েছে, এ সময় তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি এবং তার কাছে ক্ষমা চাইতেও বলা হয়।
এছাড়া সভায় উপস্থিত অন্য সাংবাদিকরা কথা বলতে চাইলে এমপি তাদের ধমক দিয়ে থামিয়ে দেন বলেও অভিযোগ ওঠে। তিনি বলেন, তার সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং কেউ তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে “দেখে নেয়া হবে” বলেও হুঁশিয়ারি দেন বলে সভায় উপস্থিত কয়েকজন দাবি করেন।
সভায় এমপি আরও বলেন, “এখানে একজন সাংবাদিকও কিছু লিখেনি। লিখলে নাঙ্গলকোটের বেহাল দশা থাকত না, আরও উন্নত হতো।”
একপর্যায়ে তিনি নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতিকে উদ্দেশ করে বলেন, “আপনি ফ্যাসিস্টের দোসর। আপনার বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ রয়েছে। আপনি আওয়ামী লীগ করে এখন বিএনপি করেছেন। সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়ার পক্ষ হয়ে কাজ করেছেন।”
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।



