চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে।
প্রথম অভিযানে ৭ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গা থানার এসআই মো: শাহরিয়ার হোসেন রুবেল হাটবোয়ালিয়া ক্যাম্পের ফোর্স নিয়ে বড় বোয়ালিয়া গ্রামস্থ ঝুটিয়াডাঙ্গা ব্রিজের কাছে অভিযান চালিয়ে ১ গ্রাম গাঁজাসহ মো: তুফান আহম্মেদ (২৮) নামে এক যুবককে আটক করেন। পরে তাকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ করা হয়।
পরের অভিযানে ৮ সেপ্টেম্বর রাত ২টায় পৌরসভাধীন আল-তায়েবা মোড়ে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হলেন—মো: ওমর ফারুক (২৬), আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রান্ত (৩০) এবং মো: শাওন শেখ (২৬)। তাদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
অন্য এক বিশেষ অভিযানে এসআই মো: আলমগীর কবিরের নেতৃত্বে আলমডাঙ্গা থানার একটি পেনাল কোড মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি শ্রী সঞ্জয় কুমার (৩৩)-কে গ্রেফতার করা হয়। এছাড়া এএসআই সোহেল রানা নিজ বসতবাড়ি থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো: ইমন (২২)-কে গ্রেফতার করেন।
গ্রেফতার সকল আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



