মিরসরাইয়ে পৈতৃক ভিটা ফিরে পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পৈতৃক সম্পত্তির বিষয়ে সাকিব জানান, ২০১৬ সাল থেকে জায়গা-জমি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সালিশেই তার মা হাসিনা বেগমের নামে দুই শতক জমির বৈধ মালিকানা স্বীকৃত হলেও তা বুঝিয়ে না দিয়ে উল্টো পাঁচ লাখ টাকায় বাড়িভিটা বিক্রির প্রস্তাব দেয়া হয়। এতে রাজি না হওয়ায় তাদের ওপর এ নির্যাতন ও হয়রানি চালানো হচ্ছে।

Location :

Chattogram
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভুক্তভোগী হাসিনা বেগমের ছেলে সাকিব
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভুক্তভোগী হাসিনা বেগমের ছেলে সাকিব |নয়া দিগন্ত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে পৈতৃক ভিটা ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। সংবাদ সম্মেলনে দুই বছর আগে সংঘটিত একটি রাজনৈতিক হামলার ঘটনাকে পারিবারিক বিরোধের সাথে জড়িয়ে হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মিরসরাই প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের বাসিন্দা হাসিনা বেগম ও তার সন্তানরা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে হাসিনা বেগমের ছেলে সাকিব বলেন, তার চাচাতো ভাই রেজাউল করিম খোকন তাদের পৈতৃক সম্পত্তি দখলের চক্রান্তে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, হামলা ও মামলা দিয়ে হয়রানি করছেন। একই সাথে প্রায় দুই বছর আগের একটি রাজনৈতিক সহিংসতার দায় তাদের পরিবারের ওপর চাপিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, রেজাউল করিম খোকন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে তিনি হামলার শিকার হন। ওই ঘটনার সাথে সাকিবের পরিবারের কোনো সম্পৃক্ততা না থাকলেও সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ হাসিল ও জমি দখলের উদ্দেশ্যে ঘটনাটি তাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি মামলা-হামলার ভয় দেখিয়ে তাদেরকে নিয়মিত ব্ল্যাকমেইল করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

পৈতৃক সম্পত্তির বিষয়ে সাকিব জানান, ২০১৬ সাল থেকে জায়গা-জমি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সালিশেই তার মা হাসিনা বেগমের নামে দুই শতক জমির বৈধ মালিকানা স্বীকৃত হলেও তা বুঝিয়ে না দিয়ে উল্টো পাঁচ লাখ টাকার বিনিময়ে ভিটা বিক্রির প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাদের ওপর এই নির্যাতন ও হয়রানি চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সাকিব ছাড়াও তার মা হাসিনা বেগম, বোন মুন্নি আক্তার, শামিমা আক্তার ও নার্গিস আক্তার, বোনের স্বামী কামাল উদ্দিন ও ইকবাল হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।