সৈয়দপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অধিক গুরুত্ব দেবো

আমাদের এ অঞ্চল প্রতিনিয়ত মরুভূমিতে পরিণত হচ্ছে। এখন অঞ্চলটিকে কীভাবে মরুভূমি থেকে রক্ষা করা যায়, কীভাবে পানি সংরক্ষণ করতে পারি সে ব্যবস্থা করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Saidpur
সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ |সংগৃহীত

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নির্বাচনকালে আমাদের প্রতিশ্রুতি ছিলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। আমরা সার্বিকভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করব। মন্ত্রণালয়ের সবাই মিলে আমরা এ বিষয়ে আলোচনা করে অধিক গুরুত্ব দেবো।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য খাল, নদী ও জলাশয় খননসহ সবকিছু করা হবে। এ অঞ্চলে ৫৭টি নদী আছে। এরমধ্যে ৫৪ টি ভারতের সাথে আর ৩ টি মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত। আমাদের এ অঞ্চল প্রতিনিয়ত মরুভূমিতে পরিণত হচ্ছে। এখন অঞ্চলটিকে কীভাবে মরুভূমি থেকে রক্ষা করা যায়, কীভাবে পানি সংরক্ষণ করতে পারি সে ব্যবস্থা করতে হবে। এ অঞ্চলে শুকনো মৌসুমে যেন চাষাবাদে পানি ব্যবহার করতে পারি, সেজন্য আমরা ইতোমধ্যে দুই দফায় সভা করেছি। পানি সংরক্ষণের মাধ্যমে উত্তরাঞ্চলকে খরা থেকে মুক্ত করব ও কৃষকের মুখে হাসি ফুটাব।