শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ইলেকট্রিক শাটল কার সার্ভিস চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে এই সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
এই শাটল কার সুবিধা চালুর ফলে ক্যাম্পাসে সহজেই যাতায়াত করতে পারবেন শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে ভিসি সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ। ইলেকট্রিক শাটল কার বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে আরো উন্নত ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাউন্ট অ্যাডোরা হসপিটাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা: কে এম আখতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: সৈয়দ আলমগীর সাফওয়াত, পরিচালক অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, পরিচালক অধ্যাপক ডা: আখলাক আহমদ, এইচআর ও অ্যাডমিন এ বি এম জর্জেসুর রহমান, চিফ অ্যাকাউনটেন্ট মো: কামরুল ইসলাম ও ব্যবসায় উন্নয়ন বিভাগের ম্যানেজার মো: শফিকুল ইসলাম।
ইলেকট্রিক শাটল কারটি মাউন্ট অ্যাডোরা হসপিটাল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে উপহার হিসেবে প্রদান করে।



