বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষে বাড়িতে আগুন, নিহত ১

বাগেরহাটর চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাড়িঘরে আগুন, নিহত ১ ও আহত বহু। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষে বসতবাড়িতে দেয়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষে বসতবাড়িতে দেয়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস |সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাটের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কমপক্ষে ১০টি বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে রাজিব শেখ (২০) নামের এক ব্যক্তি নিহত ও ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শুরু হওয়া এই সংঘর্ষ গভীর রাত পর্যন্ত চলে। ওই এলাকায় দু’পক্ষই তাণ্ডব চলতে থাকে।

নিহত রাজিব শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামের ফারুক শেখের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে পরে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।

স্থানীয়দের দাবি, হামলাকারীরা অত্যন্ত সংগঠিত ও সক্রিয় থাকায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ ও কালাম শেখ জানান, দীর্ঘদিন ধরে চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মনজুরুল আলম গ্রুপের মধ্যে জায়গা জমি ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে গত ২৮ জানুয়ারি চিংগড়িয়া গ্রামের লিচুতলা এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সাঈদ বিশ্বাস গ্রুপের নিজাম উদ্দিন নিহত হন। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতের সংঘর্ষে মনজুরুল আলম গ্রুপের রাজিব শেখ নিহত হন।

এদিকে ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো: হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় রাজীব নামে একজন নিহত হয়েছেন। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।