সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘দেশের ৭০ হাজার আইনজীবী যদি প্রকৃত অর্থে রাজনৈতিক লেজুরবৃত্তি বাদ দিয়ে আইনচর্চা করতে পারেন, তাহলে দেশের সামগ্রিক পরিবেশ বদলে দেয়া সম্ভব।’
সোমবার (১১ মে) বিকেলে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, গাজীপুরের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর জেলা আইনজীবী সমিতি কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশির মনির বলেন, ‘আইনজীবীর মস্তিষ্ক স্বাধীন। কালোকে কালো, সাদাকে সাদা, সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলার সাহস থাকতে হবে—যাই করুক না কেন।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘আইনজীবীরাও যখন বুঝে না, বুঝে রাজনৈতিক লেজুরবৃত্তি করে, তখন বিস্মিত হতে হয়। আইনজীবীদের মাথা অন্যদের চেয়ে শক্তিশালী হওয়ার কথা।’
সংবর্ধিত নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রথম পাঁচ বছর সূর্যোদয়-সূর্যাস্ত দেখার দরকার নেই। ফেসবুকে সময় না দিয়ে বই, গবেষণা আর আদালতের চর্চায় ডুবে থাকুন। পাঁচ বছর পরে আপনিই মহীরুহ হয়ে উঠবেন।’
তিনি আরো বলেন, ‘শুরুর দিনেই টাকা, যশ আর প্রতিপত্তির পেছনে ছুটলে বড় আইনজীবী হওয়া যায় না। আগে সাধনা করতে হবে, টাকা পরে নিজে থেকেই আসবে।’
বিচারব্যবস্থায় আইনজীবীদের ভূমিকা তুলে ধরে শিশির মনির বলেন, ‘আইনজীবী আর বিচারক একই মুদ্রার এপিঠ-ওপিঠ, একই পাখির দুটি ডানা। উকিল ছাড়া বিচার সম্ভব নয়, বিচারক ছাড়াও বিচার চলে না।’
সংবর্ধিত তরুণদের উদ্দেশে তার আহ্বান, ‘সিনিয়রের প্রতি অনুগত থাকুন, কিন্তু সিস্টেমের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী হন। যা দেখছেন, তা মেনে নিলে কখনো স্ট্যাটাস কে বদলানো যাবে না।’
সম্মান ও ব্যক্তিত্বের প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মান জোর করে পাওয়া যায় না, ক্ষমতার দাপট দেখিয়ে পাওয়া যায় না, বড় চেয়ারে বসেও পাওয়া যায় না—সম্মান হৃদয় থেকে আসতে হয়।’
কোর্টে আইনজীবীদের আচরণ সম্পর্কে তিনি বলেন, ‘মানুষের সাথে কথা বলবেন মোমবাতির মতো নরম হয়ে, কিন্তু আদালতে দাঁড়াবেন বাঘের মতো যুক্তি নিয়ে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর বারের সভাপতি মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালন করেন মহানগর জামায়াতের আইন বিভাগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ল’ ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা অধ্যাপক জামাল উদদীন, মো: জাহাঙ্গীর আলম, গাসিক মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান এবং ল’ ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মো: কামাল হোসেন।
আরো বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খায়রুল হাসান, মো: হোসেন আলী, গাজীপুর বারের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান কামাল, গাজীপুর বারের নির্বাচনে সবুজ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদ প্রার্থী অ্যাডভোকেট শরীফ উদ্দিন, সিনিয়র আইনজীবী মো: আরিফুর রহমান প্রমুখ।



