পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাউলাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন পারভেজ আলম (২৭) (সব্দিগঞ্জ, ডোমার), হানিফ (ভাউলাগঞ্জ বাজার), মো: মামুনুর রশিদ (বড় শশী ডাঙ্গাপাড়া, বোদা), মো: জহিরুল (সব্দিগঞ্জ, ডোমার), মো: মিস্টার (২৩) (নগর ভাউলাগঞ্জ), জিয়াউর রহমান (২৬) (টোকরাভাষা), মো: রনি ইসলাম (২৪) (ভাউলাগঞ্জ), কমল রায় (২৫) (ভুজারীপাড়া), মোহাম্মদ তৌকির (৩৪) (ভাউলাগঞ্জ), রাগিবসহ (বড় শশী নুরপুর, বোদা) আরো একজন।
পুলিশ সূত্রে জানা যায়, ভাউলাগঞ্জ এলাকার বিসমিল্লাহ বুড়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়। অভিযানে মাদক বিক্রির সাথে জড়িত ডিলার হিসেবে বিসমিল্লাহ বুড়ীকেও গ্রেফতার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১১ জনের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
অন্যদিকে, মাদক কারবারি তাহমিনা বেগমের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হবে।’



