ময়মনসিংহের ভালুকায় মুরগিভর্তি দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে রিপন মিয়া (৫২) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় সাদ্দাম হোসেন (৩০) নামে আরো একজন আহত হন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন গফরগাঁওয়ের ধামাই দেওয়ানবাড়ি গ্রামের মরহুম সিরাজ উদ্দিনের ছেলে এবং আহত সাদ্দাম গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঢাকাগামী লেনে মুরগিভর্তি একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে বিকল হয়ে যায়। গাড়িটি মেরামত করার সময় ঢাকাগামী আরেকটি মুরগিভর্তি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ধাক্কা দেয়া গাড়িতে থাকা মুরগি ব্যবসায়ী রিপন মিয়ার মৃত্যু হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



