বন্দরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে দুলালকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
মৃত দুলাল
মৃত দুলাল |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে দুলাল নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বন্দর উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল ওভারবাগ এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী।

নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে পাশের বাড়ির সাজিত এসে তাকে পিঠে থাপ্পড় দেয়। তিনিও দুষ্টুমি করে থাপ্পড় দিলে সাজিত তার পরিবারকে জানায়। পরে তারা এসে ওসমান গনিকে মারধর করে। এসময় ছেলেকে বাঁচাতে দুলাল এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে সাজিতের পরিবারের লোকজন। পরে আহত দুলালকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে এবং পরে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে দুলালকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।