চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের অন্ধকারে তেল খালাসের সময় প্রায় নয় হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, ভোরে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে একটি তেলবাহী ট্যাংক লরি থেকে ড্রামে তেল ভরার সময় অভিযান চালানো হয়। এ সময় আট ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। পাশাপাশি ট্যাংক লরিটিও আটক করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত ট্যাংক লরি ও ব্যারেলগুলোতে প্রায় নয় হাজার লিটার পেট্রোল ও অকটেন রয়েছে। ঘটনাস্থল থেকেই এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
পুলিশের ধারণা, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশে তেলগুলো দেশের অন্য কোনো জেলা থেকে আনা হয়েছিল।
তবে এ তেলের মালিক সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



