বরিশালের উজিরপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় দিবসকে অবমাননার অভিযোগ উঠেছে। অন্যদিকে দায় এড়াতে ভুল স্বীকার করেছেন উপজেলা নির্বাচন অফিসার কর্মকর্তা।
সরকারি ঘোষণা অনুযায়ী স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল সরকারি, বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ থাকলেও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন করেনি। এতে জাতীয় পতাকা ও মহান স্বাধীনতাকে অবমাননার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকদের মাঝে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উজিরপুর উপজেলা প্রশাসনের অনুষ্ঠান সূচিতেও পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি সাথে যোগযোগ করা হলে পতাকা উত্তোলন না করার বিষয়ে ভুল স্বীকার করে তিনি বলেন, ‘একজনকে দায়িত্ব দেয়া হয়েছিল। সে ভুলবশত উত্তোলন করেনি।’
এ বিষয়ে কথা বললে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সুজা বলেন, ‘বিষয়টি যেহেতু অন্য দফতরের, তাই ওই দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করুন।’



