সয়াবিন তেলসহ উধাও হওয়া ট্রাক সাভারে উদ্ধার, চালক গ্রেফতার

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭৫০ কার্টন সয়াবিন তেল এবং তেল পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁও থানার পুলিশ অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করে এবং মালামালসহ ট্রাকটি উদ্ধার করে
সোনারগাঁও থানার পুলিশ অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করে এবং মালামালসহ ট্রাকটি উদ্ধার করে |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে উধাও হওয়া ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেলবোঝাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ট্রাকচালক মো: আল আমিন গাজীকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে গ্রেফতার ট্রাকচালককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রাতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সাভারের আমিনবাজার থেকে ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল ও ট্রাকটি উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশ্যে একটি ট্রাকে ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল পাঠানো হয়। ট্রাকচালক আল আমিন গাজী তেলের কার্টনগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছে না দিয়ে তেলবোঝাই ট্রাকসহ আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো: হাছান আলী সোনারগাঁও থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার পর সোনারগাঁ পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭৫০ কার্টন সয়াবিন তেল এবং তেল পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করাসহ মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।