পদ্মা সেতুতে ১৪ ঘণ্টায় ২৫ হাজার ২৩টি যানবাহন পারাপার

টোল আদায় ২ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার টাকা

গতকাল সোমবারের তুলনায় আ মঙ্গলবার একই সময়ের মধ্যে ৮৯২টি যানবাহন বেশি পারাপার হয়েছে। আর টোল আয় বেশি হয়েছে ১০ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
সকাল পৌণে ৮টা ও বিকেল ৪টায় মাওয়া টোলপ্লাজার দৃশ্য
সকাল পৌণে ৮টা ও বিকেল ৪টায় মাওয়া টোলপ্লাজার দৃশ্য |সংগৃহীত

প্রিয়জনদের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে ছুটে চলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার ঘরমুখো মানুষ পদ্মা সেতু হয়ে ছুটে চলেছেন নিজ গন্তব্যে। এতে করে সেতুতে বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন চলাচল। এতে প্রতিদিন ক্রমেই বাড়ছে টোল আদায়ের পরিমাণ।

সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের টোল রিপোর্টের দেয়া তথ্য অনুযায়ী, গত মধ্যরাত ১২টা থেকে আজ মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত মাত্র ১৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ১৭ হাজার ১৮টি ও জাজিরা প্রান্ত দিয়ে ৮ হাজার ৫টিসহ উভয় প্রান্ত দিয়ে মোট ২৫ হাজার ২৩টি যানবাহন পারাপার হয়। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার টাকা।

অন্যদিকে রোববার (২৪ মে) দিবাগত মধ্যরাত ১২টা থেকে গতকাল সোমবার দুপুর ২টা পর্যন্ত ১৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ১৬ হাজার ৫১৮টি ও জাজিরা প্রান্ত দিয়ে ৭ হাজার ৬১৩টিসহ উভয় প্রান্ত দিয়ে মোট ২৪ হাজার ১৩১টি যানবাহন পারাপার হয়। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ১৫০ টাকা।

টোল রিপোর্টের দেয়া এসব তথ্য অনুযায়ী, গতকাল সোমবারের তুলনায় আ মঙ্গলবার একই সময়ের মধ্যে ৮৯২টি যানবাহন বেশি পারাপার হয়েছে। আর টোল আয় বেশি হয়েছে ১০ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা।

এর আগে সোমবার (২৫ মে) ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয়। এতে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০টাকা। এটি সেতুর চালুর পর থেকে টোল আদায়ে সর্বোচ্চ চতুর্থ রেকর্ড গড়ে।

এদিকে, ছুটির দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালেও রাজধানী ছেড়ে আসা যানবাহনের চলাচল বাড়তে থাকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাওয়া টোলপ্লাজায়। তবে ছিল না কোনো জনদুর্ভোগ বা দীর্ঘ যানজটের কোনো ভোগান্তি। গত ঈদুল ফিতরের মতোই এবারো ঈদযাত্রার স্বস্তির চিত্র বিরাজ করছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ টোলপ্লাজায়। কখনো কখনো যানবাহনের চলাচল বাড়লেও সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে লাইনে চলমান থেকেই সামান্য ধীরগতিতে টোলপ্লাজা অতিক্রম করতে পারছে ঘরমুখো মানুষের পরিববহনগুলো।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়। তিনি জানান, এখন পর্যন্ত যানবাহন পারাপারে তেমন বেগ পেতে হয়নি। স্বাভাবিকের ন্যায় নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। তবে টোলপ্লাজায় কখনো কখনো একসাথে কিছু যানবাহন এসে পড়লে তখন একটু চাপ দেখা দিলেও তা আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকে।