বুড়িচংয়ে ৩৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

‘কৃষি খাতকে আরো শক্তিশালী করতে সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
বক্তব্য রাখছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো: জসিম উদ্দিন
বক্তব্য রাখছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো: জসিম উদ্দিন |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো: জসিম উদ্দিন।

কর্মসূচির আওতায় উপজেলার তিন হাজার ৩৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ, সার, বালাইনাশক, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মো: জসিম উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: বিল্লাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, কৃষক দলের সভাপতি মো: ছাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির বাবুল, মো: আবু নাসের মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নজরুল ইসলাম ভূইয়া, মো: মনির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো: কবির হোসেন ভূইয়া ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

এছাড়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলার তিন হাজার ৩৩০ জন কৃষকের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে রোপা আমন ধানের জন্য এক হাজার ৮০০ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে।

এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষে ৮০ জন কৃষককে ১০ গ্রাম বীজ, পাঁচ কেজি ডিএপি সার, পাঁচ কেজি এমওপি সার ও বালাইনাশক, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৭০ জন কৃষককে এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, বালাইনাশক ও বীজতলার পলিথিন দেয়া হবে।

অন্যদিকে, গ্রীষ্মকালীন শাকসবজি চাষে এক হাজার ২০০ জন কৃষককে ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার, লেবু চাষের জন্য ২০ জন কৃষককে পাঁচটি করে চারা ও ৩০ কেজি জৈবসার এবং কৃষক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরো ১৬০ জন উপকারভোগীকে পাঁচটি করে গাছের চারা ও ৩০ কেজি জৈবসার বিনামূল্যে দেয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: জসিম উদ্দিন বলেন, ‘কৃষি খাতকে আরো শক্তিশালী করতে সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’