বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যা করেছেন ভাতিজারা। রোববার (৩১ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন ঢালী (৫৫)। তিনি দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মরহুম হাচেন ঢালীর ছেলে।
নিহতের পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, আনোয়ার ঢালীর একটি জমি তার চাচাত ভাই মোস্তফা ঢালী ও তার ছেলে ইমরান ঢালী জোড়পূর্বক ভোগদখল করে আসছিলেন। রোববার দুপুরে আনোয়ার ঢালী ওই জমি ছেড়ে দিতে বলে এবং জমিতে ধান চাষ করার ঘোষণা দেন। এ নিয়ে মোস্তফা ঢালীর সাথে তার কথা-কাটাকাটি হয়। ওই দিন বিকেলে আনোয়ার ঢালী নিজের বরজ থেকে পান তুলে বাংলাবাজারে বিক্রি করতে যান।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইমরান ঢালীর নেতৃত্বে সাত-আটজন লোক লাঠিসোঁটা নিয়ে বাংলাবাজারে আনোয়ার ঢালীর ওপর হামলা করে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে চলে যায়। পরে বাজারের লোকজন আনোয়ার ঢালীকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ২টার দিকে আনোয়ার ঢালীর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভায়রা ভাই রেজাউল করিম সরদার রোববার রাতে ইমরান ঢালীসহ সাতজনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন।
মামলার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ ইমরান ঢালী, মোস্তফা ঢালী, আবু হাওলাদার ও আবুল ফজল রমজান নামে চার আসামিকে গ্রেফতার করেছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রাতেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



