নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ থানার সেলিম মণ্ডল হত্যা মামলায় করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট জাহিদুল হক দিপু ও অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ কয়েকজন আইনজীবী।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বিস্ফোরক আইনে দায়ের একটি হত্যা মামলায় এজাহারে নাম না থাকলেও তদন্তে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখায়। তবে ওই দিনই তার আরো পাঁচটি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।
পরবর্তীতে শ্যোন অ্যারেস্ট দেখানো হত্যা মামলায় গত সোমবার শুনানি শেষে একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের সময় সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভবনটির তৃতীয় তলায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের শিমরাইল শাখার অভ্যন্তরীণ সজ্জার কাজ করতে থাকা তিন কর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তিন দিন পর ভবনটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের একজন সেলিম মণ্ডল (২৯), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরজগন্নাথপুর গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে। মৃত্যুর প্রায় ১০ মাস পর গত বছরের ৬ জুন তার কৃষক বাবা ওয়াজেদ আলী মামলাটি করেন।
এ বিষয়ে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘তদন্ত কর্মকর্তা এ মামলায় আদালতে যৌক্তিক কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। তারপরও আদালত তাকে জামিন দেননি। মনগড়া অভিযোগে আইভীকে হয়রানি করার জন্য তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি দাবি করেন, এটি একটি মিথ্যা মামলা।’



