নাটোরের লালপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত হচ্ছে ‘শিশু স্বর্গ’। এসব শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রাথমিকভাবে ১০ জেলার ১০ উপজেলায় ‘শিশু স্বর্গ’ নামে একটি প্রকল্প চালু করতে যাচ্ছে বর্তমান সরকার।
এরই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সহযোগিতায় রোববার (২১ জুন) ঢাকা থেকে একটি বিশেষ প্রতিনিধি দল এর সম্ভাব্যতা যাচাইয়ে লালপুর পরিদর্শনে আসেন।
এসময় উপজেলায় শিশু স্বর্গ স্থাপনের জন্য প্রাথমিকভাবে জমি পরিদর্শন করা হয়।
প্রতিনিধি দল উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে অবস্থিত ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় বিদ্যালয়টির শিক্ষার্থী ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমানুর রহমান।
পরিদর্শন কালে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেন, নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: আনিসুর রহমান, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো: আব্দুস সালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সিদ্দিক আলী মিষ্টু সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



