ময়মনসিংহে ট্রেনের ছাদে চড়ে ঝুঁকিপূর্ণ যাত্রা

সোমবার (১ জুন) ঈদের পঞ্চম দিনে ময়মনসিংহ ও গৌরীপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, প্ল্যাটফর্মজুড়ে উপচে পড়া ভিড়। ট্রেন স্টেশনে পৌঁছানোর আগেই যাত্রীরা বগিতে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন। আসন তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাও না পেয়ে অনেকে ট্রেনের ছাদে উঠছেন। নারী, পুরুষ ও শিশুদেরও এভাবে ঝুঁকিপূর্ণ যাত্রা করতে দেখা গেছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহ থেকে ট্রেনের ছাদে চড়ে ঝুঁকিপূর্ণভাবে কর্মস্থলে যাত্রা করছে অসংখ্য মানুষ
ময়মনসিংহ থেকে ট্রেনের ছাদে চড়ে ঝুঁকিপূর্ণভাবে কর্মস্থলে যাত্রা করছে অসংখ্য মানুষ |নয়া দিগন্ত

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার ভিড়ে ময়মনসিংহ অঞ্চলের রেলপথে দেখা দিয়েছে তীব্র যাত্রীচাপ। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ও দরজায় ঝুলে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন।

সোমবার (১ জুন) ঈদের পঞ্চম দিনে ময়মনসিংহ ও গৌরীপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, প্ল্যাটফর্মজুড়ে উপচে পড়া ভিড়। ট্রেন স্টেশনে পৌঁছানোর আগেই যাত্রীরা বগিতে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন। আসন তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাও না পেয়ে অনেকে ট্রেনের ছাদে উঠছেন। নারী, পুরুষ ও শিশুদেরও এভাবে ঝুঁকিপূর্ণ যাত্রা করতে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত দুই দিনে ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এরপরও ঝুঁকিপূর্ণ ভ্রমণ বন্ধ হয়নি।

যাত্রীদের অভিযোগ, টিকিট থাকার পরও অনেকেই ট্রেনের ভেতরে উঠতে পারছেন না। বাধ্য হয়ে ছাদ কিংবা দরজায় ঝুলে যাত্রা করতে হচ্ছে। একই সঙ্গে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় এক থেকে তিন ঘণ্টা বিলম্বে চলাচল করায় দুর্ভোগ আরো বেড়েছে।

ঢাকাগামী একাধিক যাত্রী জানান, ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দিলে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই ঝুঁকি জেনেও তারা ট্রেনে উঠছেন।

এদিকে রেলওয়ে পুলিশ মাইকিং করে ছাদে ভ্রমণ না করার আহ্বান জানালেও বাস্তবে তা খুব একটা কার্যকর হচ্ছে না।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ছাদে ভ্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তারপরও যাত্রীদের সচেতন করতে পুলিশ কাজ করছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির কারণে কয়েকটি ট্রেন চলাচল বন্ধ থাকায় সীমিত সংখ্যক ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। স্বল্প খরচে রাজধানীতে পৌঁছানোর অন্যতম মাধ্যম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীরা ট্রেনের ওপর বেশি নির্ভরশীল।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) নিয়মিত কাজ করছে। তবে অতিরিক্ত যাত্রীর চাপে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তিনি বলেন, অনেক সময় ছাদের যাত্রীদের নামিয়ে দিলে তাদের গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। মানবিক বিষয় বিবেচনায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

রেলপথে যাত্রীচাপ মোকাবিলায় অতিরিক্ত ট্রেন চালু, নিরাপত্তা জোরদার এবং কার্যকর ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন যাত্রী ও সচেতন মহল।