সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে পানিতে ডুবে নিখোঁজ রুকাইয়া নুর (১০) নামে এক শিশু পর্যটকের লাশ উদ্ধার হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বৌলাই নদীর পিরিজপুর এলাকায় প্রায় ৪২ ঘণ্টা পর লাশটি ভেসে ওঠে।
রুকাইয়া ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা: শাহনুর রহমানের মেয়ে।
জানা গেছে, নিখোঁজ রুকাইয়া নুরসহ প্রায় ২০জন পর্যটক সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার উদ্দেশ্যে রওনা হন। এ সময় দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদীতে হঠাৎ করে চলন্ত অবস্থায় হাউসবোট থেকে রুকাইয়া নদীতে পড়ে যায়।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালিত করে। বিকেল ৪টায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করলেও ওই দিন থেকে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার লাশ উদ্ধার করা যায়নি।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানান, এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



