পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো: আজিজ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ জরিমানা করা হয় হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সন্ধ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল, যা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো: আজিজকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নেছারাবাদসহ জেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।



