গাইবান্ধার সাঘাটায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য কার্যালয়। অভিযানে নদীতে পেতে রাখা ১৪টি নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের আলাই নদীর ভূতমারা এলাকায় উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে সাঘাটা থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান। এ সময় সাঘাটা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শুশংকর কুমারসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন আলাই নদীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছিল। এতে নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে নদীতে পেতে রাখা ১৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
সাঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান নয়া দিগন্তকে জানান, অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং নদীর জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষা ও টেকসই মাছ উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



