চরফ্যাশনে যুবদল নেতার নেতৃত্বে দুই জামায়াত নেতাকে অমানুষিক নির্যাতন

চরফ্যাশন থানার তদন্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Location :

Char Fasson
চরফ্যাশনে যুবদল নেতার হামলার শিকার জামায়াত নেতা
চরফ্যাশনে যুবদল নেতার হামলার শিকার জামায়াত নেতা |নয়া দিগন্ত

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নে যুবদল নেতা শাহিন দালালের নেতৃত্বে দুই জামায়াত নেতাকে আটক করে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে আবুগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, স্থানীয় জামায়াত কর্মী জলিলকে কৌশলে বিএনপি অফিসে ডেকে নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। এ সময় তার সাথে থাকা আছলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাওলানা মাহবুবুর রহমানকেও পিটিয়ে আহত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় অফিসের ভেতর থেকে কয়েকটি লাঠি ও পাইপ জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জলিল জানান, এশার নামাজ শেষে তিনি ও মাহবুবুর রহমান আবুগঞ্জ বাজারের একটি দোকানে চা পান করছিলেন। পরে শাহিন তাকে কথা আছে বলে দোকানের পেছনে ডেকে নেন। সেখানে আগে থেকে অবস্থান নেয়া কয়েকজন তাকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। মাহবুবুর রহমান এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

তিনি আরো অভিযোগ করেন, একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে টেনে অফিসে নিয়ে যাওয়া হয়। পরে হাত-পা বেঁধে পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তার কাছ থেকে ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে শাহিন দালাল বলেন, “আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ আমার নাম জড়াচ্ছে।”

চরফ্যাশন থানার তদন্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।