নাটোরের বাগাতিপাড়ায় গমের নাড়া পোড়াতে গিয়ে আগুনে পুড়ে গেছে প্রায় ১৫ বিঘা জমির পাকা গম।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাশ্ববর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলার ঝিনা গ্রামের কৃষক রহম আলী তার জমিতে গম কাটার পর নাড়া পোড়াতে আগুন দেন। কিন্তু প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত গাঁওপাড়া বিলের বিস্তীর্ণ গমক্ষেতে ছড়িয়ে পড়ে। এতে মশিউর রহমান ও আজগর আলীর ২ দশমিক ৫ বিঘা, জালাল আলীর তিন বিঘা, শাহবাজ আলীর ১ দশমিক ৫ বিঘা, মনসুর আলীর ১০ কাঠাসহ আরো কয়েকজন কৃষকের পাকা গম পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টাতেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
উপজেলার গাঁওপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক মশিউর রহমান বাবু বলেন, ‘২ দশমিক ৫ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। বাতাস ও রোদ বেশি থাকায় রহম আলীকে খড় পোড়াতে নিষেধ করলেও সে তা না শুনে আগুন দেন। এর ফলে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হয়েছে।’
উপজেলার আরেক কৃষক শাহবাজ আলী জানান, তার পুরো ফসল পুড়ে যাওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
আগুনে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নাড়া পোড়ানো নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, ‘এটি একটি অপরাধমূলক ঘটনা ও দুই উপজেলার সংশ্লিষ্টতা থাকায় প্রতিকার পেতে হলে আইনের আশ্রয় নিতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে তাদেরকে সরকারি প্রণোদনার আওতায় আনা হবে।’
তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ‘এ বিষয়ে কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেননি।



