নাটোরের নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও চোখের ছানি অপারেশন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক সহকারী অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়া।
সোমবার (৩০ মার্চ) নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মেয়র প্রার্থীর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়।
এ সময় মেয়র প্রার্থী বলেন, ‘চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা চোখে দেখতে পান না, তারা বুঝতে পারে চোখের গুরুত্ব। বর্তমানে দেশে চোখের ছানির রোগী অনেক। এভাবে ছানি অপারেশনের সুযোগ পেলে অনেক অসহায় নারী-পুরুষ চোখের চিকিৎসা করতে পারবে।’
তিনি আরো বলেন, ‘দেশের রাজনৈতিক জনপ্রতিনিধিরা এ ধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিলে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবে।’
ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কাজের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো: মামুনুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক মো: আফতাব আলী, নলডাঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌরসভা সভাপতি মো: সাইফুল ইসলাম, হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন ও নিজাম উদ্দিনসহ প্রমুখ।
উল্লেখ্য, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের যোগ্য রোগীদেরকে গাক চক্ষু হাসপাতাল বগুড়াতে পাঠানো হয়। ছানি রোগীদের বগুড়া বনানীতে গাক চক্ষু হাসপাতালে যাওয়া, আসা, অপারেশন, ঔষধ, চশমা ও থাকা-খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে।



