কালুখালীতে জামায়াতকর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, আটক ১

গতকাল রোববার (১৪ জুন) বাদ আসর আসাদুজ্জামানের বন্ধু মিজানুর বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ হন।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
নিহত জামায়াতকর্মী মো: আসাদুজ্জামান
নিহত জামায়াতকর্মী মো: আসাদুজ্জামান |ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মো: আসাদুজ্জামান (২৪) নামে এক জামায়াতকর্মীর হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

সোমবার (১৫ জুন) উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের দাখিল মাদরাসার সামনের মাঠে, ভাটিয়াপাড়া রেলপথ ও চন্দনা নদীর পাড় সংলগ্ন পাটক্ষেতের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যার পর লাশ আগুনে ঝলসে দিয়েছে বলে জানা গেছে।

নিহত আসাদুজ্জামান কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো: শাহজাহান মন্ডলের ছেলে।

জামায়াতের কালুখালি উপজেলার আমির আব্দুর রব জানান, নিহত আসাদুজ্জামান মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় কর্মী ছিলেন। মাদরাসায় পড়াশোনার পাশাপাশি তিনি বাবার সাথে মাঠে কৃষিকাজ করতেন।

এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, একটি পাটক্ষেতের পাশ থেকে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বিল মানুষমারি গ্রামের কাওসারের ছেলে মিজানুরকে পুলিশ আটক করেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (১৪ জুন) বাদ আসর আসাদুজ্জামানের বন্ধু মিজানুর বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে রাত ৮টার দিকে তিনি তার সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে মোবাইলফোনে জরুরি পাঁচ হাজার টাকা লাগবে বলে জানান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়।

নিহতের ফুপাতো ভাই মো: হাফিজুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা রাসেল মোল্লা জানান, আসাদুজ্জামান অত্যন্ত নম্র ও ভালো স্বভাবের ছেলে ছিল। গ্রামের কারো সাথে তার কোনো ধরনের বিবাদ বা শত্রুতা ছিল না। তাকে এভাবে কেন মরতে হলো, আমরা ভেবে পাচ্ছি না। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।