মাদারীপুরের শিবচরে চোখের অপারেশন করাতে গিয়ে ভুল চিকিৎসায় এক কৃষকের মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। ঘটনায় হাসপাতালের সামনেই বিক্ষোভ করেন মৃত ব্যক্তির স্বজনেরা।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার মাদবরেরচর হাট সংলগ্ন ভিশন ইসলামিয়া চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান বেপারী (৫০) শরিয়তপুরের জাজিরা উপজেলার বড় কৃষ্ণনগর এলাকার মরহুম জহির উদ্দিন বেপারীর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, চোখের সমস্যা নিয়ে শুক্রবার সকালে ভিশন ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি হন কৃষক শাহজাহান বেপারী। দুপুরে তার চোখের অপারেশন করেন সেখানকার কর্তব্যরত এক চিকিৎসক। এর কিছুক্ষণ পরেই চোখে রক্তক্ষরণ শুরু হয়। পরে তড়িঘড়ি করে ইজিবাইকে করে পাশের পাঁচ্চরের একটি প্রাইভেট হাসপাতালে শাহজাহানকে পাঠায় চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ওই হাসপাতালে নেয়ার সময় ইজিবাইকের ভেতরেই মারা যান শাহজাহান।
এদিকে কৃষকের মৃত্যুর খবরে তালা মেরে লাপাত্তা হয়ে পড়ে চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় দোষীদের বিচার চেয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত শাজাহান বেপারীর স্ত্রী সালমা বেগম বলেন, ‘আমার স্বামী দিব্যি সুস্থ। দুপুরে ভাত খেয়েছে। আমাকে ওষুধ আনতে পাঠিয়ে হাসপাতালের লোকজন তাকে একা অপারেশন করে। পরে আমি ওষুধ এনে দেখি তার হাত পা নড়াচড়া করছে না। তার গলায় হাত দিয়ে দেখি দম বের হচ্ছে না। তখন আমি চিৎকার করলে আমার আত্মীয়-স্বজনরা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে।’
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



