ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত গাজীপুরের দুই ছাত্রসহ এক অভিভাবকের কবরে বিমান বাহিনী প্রধানের পক্ষে একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছে।
রোববার (২৮ জুলাই) সকালে বিমান বাহিনী প্রধানের পক্ষে উইং কমান্ডার সিবিএম গোলাম সাদিকের নেতৃত্বে প্রতিনিধি দল ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানায়।
বিমান বাহিনীর সদস্যরা নিহতের কবরের পাশে দাঁড়িয়ে গার্ড অফ অনার প্রদান করেন এবং বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান।
প্রতিনিধি দল প্রথমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ছাত্র আব্দুল মোবাশ্বির মাকিনের বাড়ি গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় যান। পরে গাজীপুর মহানগরের বিপ্রবর্থা এলাকার নিহত শিক্ষার্থী সায়মা আক্তারের বাসায় যান। পরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই গ্রামের ওই স্কুলের শিক্ষার্থীর অভিভাবক নিহত আফসানা আক্তার প্রিয়ার বাড়িতে যান। প্রতিনিধি দলের প্রধান ও বিমান বাহিনী উইং কমান্ডার সিবিএম গোলাম সাদিক দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আহতেদের চিকিৎসার জন্য কোনো প্রকার ঘাটতি নেই, বিমান বাহিনীর একটি মেডিক্যাল টিম সাথে রয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য কাউকে বিদেশে পাঠানোর প্রয়োজন হলে এবং বিদেশ থেকে কোনো চিকিৎসক আনার জন্য একটি বিমান প্রস্তুত রয়েছে। এ ছাড়া হতাহতদের পরিবারের যোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা চলছে।



