দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সন্মানী ভাতা নুন্যতম পাঁচ হাজার টাকা করা, দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদানসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা সাব রেজিস্ট্রার অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রধান প্রধান প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতারা।
এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপি প্রদান শেষে সাব রেজিস্ট্রার অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুলাহ শাহ, সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, তাদের ন্যায়সঙ্গত : দাবি অবিলম্বে বাস্তবায়ন করা না হলে সারাদেশে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।



