খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা খালিয়াজুরীতে মাদক সেবনের দায়ে তপু (৩৫) নামের একজন যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী সদরের দীঘল হাটির লক্ষ্মণ চন্দ্র দাসের ছেলে, তপু চন্দ্র দাস তপন (৩৫) খালিয়াজুরী নতুন বাজারে বৃহস্পতিবার বিকেলে মদ পান করে নেশাগ্রস্ত হয়ে মাতলামি করছিল। এ সময় মাতাল অবস্থায় সে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক পরিবেশ নষ্ট করেছিল।
খবর পেয়ে খালিয়াজুরী থানা পুলিশের এসআই আব্দুল করিম পুলিশের একটি নিয়ে তাকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে তাকে উপস্থিত করা হয়। আদালত তপনকে জিজ্ঞাসা করলে সে মদ পানের কথা স্বীকার করে। অপরাধ স্বীকার করায়, আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তপু চন্দ্র দাস তপনকে খালিয়াজুরী থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে তাকে নেত্রকোনা কারাগারে পাঠানো হবে।



