সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো: আলী হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
এর আগে গত শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার আলী হোসেন বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের মরহুম মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে ওই শিশু তার সহপাঠীদের সাথে একই গ্রামের আলী হোসেনের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ভেজা কাপড় বদলানোর জন্য শিশুটি আলী হোসেনের রান্নাঘরে প্রবেশ করে। ওই সময় আলী হোসেনের স্ত্রী তার সন্তানকে নিয়ে আসার জন্য স্থানীয় একটি মাদরাসায় অবস্থান করায় বাড়ি ফাঁকা ছিল। এই সুযোগে আলী হোসেন শিশুটিকে ফুসলিয়ে তার শোয়ার কক্ষে ডেকে নিয়ে যায় এবং ঘরের দরজা বন্ধ করে তার ওপর পাশবিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে।
পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ১২ ঘণ্টার ভেতরেই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিকে গ্রেফতার করেছে। ভিকটিমের আইনি সুরক্ষা ও ডাক্তারি পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



