কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষ কৃষক। তাদের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে। কৃষক যেন প্রতিটি ক্ষেত্রেই পণ্যের ন্যায্যমূল্য ও ন্যায্য অধিকার পায়। এ কারণেই কৃষক কার্ড চালু করা হচ্ছে। বাংলা নববর্ষের প্রথমদিন টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী এই কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।’
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘টাঙ্গাইলসহ দেশের ১১টি পয়েন্টে প্রি-পাইলটিং শুরু হবে। পাইলটিং শেষে আগামী চার বছরের মধ্যে সারাদেশে এ কার্ড বিতরণ শেষ হবে।’
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের এমপি আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।



