সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক প্রতিশ্রুত অনুযায়ী এই মানবিক সহায়তা প্রদান করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, ‘অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন সহায়তা দিবেন। ঈদের আগেই আপনাদের হাতে সেই সহায়তার অর্থ ও চাল তুলে দিলাম। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পাশে থাকবেন। প্রকৃত ক্ষতিগ্রস্তদের খুঁজে বের করতে হবে, কারণ এটি তাদের অধিকার।’
তিনি আরো বলেন, ‘নতুন করে বাংলাদেশকে সাজাতে তারেক রহমান চেষ্টা করছেন। তারজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রুকন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন, শাখাওয়াত হোসেন, সাইদুল কিবরিয়া, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকরা।



