সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে এসে অজ্ঞাত হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে যাদুকাটা নদীর ইসকন মন্দির পাড়ে ঘটনাটি ঘটে।
নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, সকালে যাদুকাটা নদীতে অজ্ঞাত ওই ব্যক্তি গঙ্গাস্নান করতে আসেন। নদীতে গোসল করার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানে থাকা লোকজন তাকে মেডিক্যাল টিমের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাত নিহত ব্যক্তির সাথে আসা কাউকে পাওয়া যাচ্ছে না। আর সে কারণে তার নাম-পরিচয়ও পাওয়া যায়নি। তবে আমরা তার নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।



