নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘বিদায় কোনো সমাপ্তির নাম নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা; যেখানে বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে বাস্তব জীবনে কাজে লাগানোর মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য অর্জিত হবে।’
এ সময় ভিসি আরো বলেন, ‘ফুড অ্যান্ড নিউট্রিশনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষার্থী হিসেবে পুষ্টি নিরাপত্তা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। তাই নিজেদের অর্জিত জ্ঞানকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরভাবে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।’
এ সময় ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের ভবিষ্যতে সাফল্য অর্জনে অধ্যবসায়, সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।
বিভাগের চেয়ারম্যান ড. মানসুরা মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: শিবলুর রহমান।
এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



