আগামী ২৫ জুলাই শুক্রবার সিলেটে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশের সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলায় সিলেট সিটি করপোরেশনের দুজন শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।
রোববার (২০ জুলাই) রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সিসিক।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার দৈনিক নয়া দিগন্তকে বলেন, একটি রাজনৈতিক দলের পোস্টার ছেঁড়া সিসিকের কর্মীর কাজ নয়। আমরা খবর পেয়ে রাতেই ৩ জনকে তাৎক্ষণিক বহিষ্কার করেছি। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।



