কমলগঞ্জে চলন্ত অটোরিকশায় তরুণীকে হেনস্তা, চালক আটক

ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
অভিযুক্ত চালক আটক
অভিযুক্ত চালক আটক |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় এক তরুণীকে যৌন হয়রানির পর ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়ার অভিযোগে এক চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) অভিযুক্ত চালক জায়েদকে আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাটিয়া মসজিদ এলাকার ওই তরুণী ঈদের কেনাকাটার উদ্দেশে সোমবার বিকেলে আদমপুর বাজারে যান। কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় তিনি পরিচিত সিএনজি চালক জায়েদের অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় চালক ছাড়াও কাওছার নামের একজন এবং অজ্ঞাত আরো একজন যাত্রী ছিলেন। অটোরিকশাটি ঘোড়ামারা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা ওই তরুণীকে যৌন হয়রানি করেন। এ সময় তিনি চিৎকার করলে চলন্ত অবস্থায় ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়া হয়। এতে তার মাথা, চোখ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহত অবস্থায় বাড়ি পৌঁছে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান ওই তরুণী। পরে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক ডা: সৌমিত্র সিনহা জানান, তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী তরুণী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘এমন ন্যাক্কারজনক ঘটনা যেন আর কোনো মেয়ের সাথে না ঘটে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।