ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে রোমানা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১০ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমানা বেগম কসবা উপজেলার তেতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে। আহতরা হলেন— সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো: তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিল। পথে উড়শিউড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চার লেন সড়কের কাজে ব্যবহৃত একটি রোলার গাড়ির সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোমানা বেগম মারা যান।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন এবং চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



