পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

পিরোজপুরের জিয়ানগরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ।

জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Zianagar
পিরোজপুরের ম্যাপ
পিরোজপুরের ম্যাপ |ফাইল ছবি

পিরোজপুরের জিয়ানগরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে জিয়ানগর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ি থেকে এ বিটুমিন উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

প্রায় এক মাস ধরে তার বাড়িতে এ বিটুমিন রক্ষিত ছিল।

বাদল হাওলাদার জানান, তিনি ঢাকায় থাকেন। তার বাড়িতে কে বা কারা এই বিটুমিন রেখে গেছেন তা তিনি জানেন না।

এর আগে, গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের ভাইয়ের ছেলে জিয়ানগর বাজারের ব্যবসায়ী মেসার্স পলাশ এন্টার প্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করে। তখন ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিকের মামলার সূত্র ধরে সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করা ট্রাকচালকের তথ্যমতে ওই চোরাই বিটুমিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার করা ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওদারের বলে জনমনে সন্দেহ থাকলেও তিনি তা অস্বীকার করেছেন।

এসআই সাইদুজ্জামান বলেন, ‘সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর অনেকদিন ধরে ৭৫ ব্যারেল বিটুমিন রক্ষিত ছিল। বাড়ির মালিক জানেন না এই বিটুমিন কে বা কারা রেখেছেন। অনেকেই এই বিটুমিনের মালিকানা দাবি করে যোগাযোগ করায় আমরা বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। উপযুক্ত মালিক পেলে আদালতের মাধ্যমে তাকে বুঝিয়ে দেয়া হবে।’

উল্লেখ্য, সম্প্রতি ঝালকাঠি সদর, রাজাপুর, বরগুনার বেতাগী ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় বিটুমিন চুরির বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার বাদীরা উক্ত বিটুমিনের মালিকানা দাবি করছেন বলে জানা গেছে।