মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসের তৃতীয় একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন করা হয়েছিল। খেলা চলাকালে দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। খেলা শেষে বিষয়টি তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করলে তা সংঘর্ষে রূপ নেয়। রাতভর দফায় দফায় সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ মোতায়েন করে।
সংঘর্ষে আহত শিক্ষার্থীদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সহকারী প্রক্টরও আহত হন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, ‘একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির সূত্রপাত হয়। প্রক্টোরিয়াল বডি ও শিক্ষকরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভিসি ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো জানান, বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



