নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুই নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Teknaf
নাফ নদী
নাফ নদী |সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুই নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নাফ নদীর মোহনায় ঘোলার চড় এলাকায় মাছ শিকারের সময় আরাকান আর্মির সদস্যরা মিয়ানমার থেকে স্পিডবোটে করে এসে তাদেরকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন এ সময় পালিয়ে আসা অন্য জেলেরা।

সাত জেলেরা হলেন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার আহমেদ আলী (৪৮), তার দুই ছেলে আব্দুর রহিম (২০) ও নুরুল আবসার (১৮), নয়াপাড়া এলাকার আব্দুর রহমান (৪৮), সাব্বির আহমদ (৪০), গুড়া মিয়া (৬৫) ও আব্দুল মোতালেব (৩৮)।

প্রত্যক্ষদর্শী জেলে জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ ও নয়াপাড়া এলাকার ১৫ থেকে ২০টি নৌকা নাফ নদীর ঘোলার চর এলাকায় বাংলাদেশ পানিসীমায় মাছ শিকার করছিলেন। হঠাৎ মিয়ানমারের দিক থেকে দু’টি স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা তাদেরকে ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও ওই দু’টি নৌকা ধরে নিয়ে যায়।

ধরে নেয়ার সময় তাদেরকে মারধর করতে দেখেছেন বলেও জানান তিনি।

নয়াপাড়া মৎস্যঘাটের সভাপতি কেফায়েত উল্লাহ জানান, বিষয়টি টেকনাফ বিজিবি ক্যাম্পে জানিয়েছেন তিনি।

তবে বিজিবি কিংবা টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।