ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতায় গাজীপুরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও গাজীপুর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে গাজীপুরে আয়োজিত অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় সিটি করপোরেশনের শ্মশান মন্দির, শ্মশান মোড় ও রাজ শ্মশানের পাড় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয়ারা পরিচ্ছন্নতা কর্মীদের সাথে নিয়ে রাজ শ্মশানের পাড় ও চিলাই বিলের পাড়ে দীর্ঘদিন জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। একই সাথে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো: ইসরাইল হাওলাদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহম্মদ হোসেন ভূঁইয়াসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে জেলার আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিপূর্ণভাবে পরিষ্কার করা হবে। এ কাজে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে।‘
তিনি আরো বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’


