আইন উপদেষ্টা

জুলাই হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে

সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের সদর উপজেলার হাজীগঞ্জে জুলাই অভ্যুত্থানে জেলার শহীদ ৫৬ জনের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধনে গিয়ে তিনি একথা বলেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে শহীদ ৫৬ জনের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন
জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে শহীদ ৫৬ জনের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন |নয়া দিগন্ত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হবে। বিচার দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ৫ আগস্টের আগে জুলাই-২৪ ঘিরে সব মামলার চার্জশিট জমা দেয়ার চেষ্টা চলছে। আর অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার কার্যক্রম শেষ করা হবে।’

সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের সদর উপজেলার হাজীগঞ্জে জুলাই অভ্যুত্থানে জেলার শহীদ ৫৬ জনের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধনে গিয়ে তিনি একথা বলেন।

দেশে জুলাই শহীদদের প্রথম স্মৃতিস্তম্ভ সর্বপ্রথম নারায়ণগঞ্জে স্থাপিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জুলাইয়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ একটি পরিবারের মতো থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘স্থানীয়ভাবে অনেক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি হচ্ছে। আপনারা জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। প্রশাসন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।’

ড. আসিফ নজরুল বলেন, ‘দেশের লোকদের এমনভাবে হত্যা করা হলো, অঙ্গহানি করা হলো, এর বিচার কোথায়? আমি দৃঢ়ভাবে জানাতে চাই বিচার এগিয়ে যাচ্ছে। আমাদের শাসনামলেই এসব হত্যাকাণ্ডের বিচার হবে।’

তিনি বলেন, ‘অনেকে বলেছে ফ্যাসিস্টদের শক্তি মামলা করেছে এলাকায় যেতে দিচ্ছে না। আমি ডিসি ও এসপি সাহেবকে অনুরোধ করবো আপনারা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবেন। আমরা জুলাইয়ে বিজয়ী হয়েছিলাম কারণ আমরা সকলে একটি পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে।’

আসিফ নজরুল বলেন, ‘গত পনেরো বছর যে ফ্যাসিস্ট শাসন হয়েছে। মানুষ সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছে। আপনাদের যে আত্মত্যাগ এখানে ২২ জন শহীদ হয়েছে এবং সাড়ে তিন শ’ মানুষ আহত হয়েছে।’

তিনি বলেন, ‘এখানে মামলাগুলোর তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি তাদের অনুরোধ করেছি চেষ্টা করুন ৫ আগস্টের আগে অভিযোগপত্র দেয়ার জন্য। তারা জানিয়েছেন অনেক মামলায় তারা অভিযোগপত্র দিতে পারবেন।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে ও তাদের স্মরণ করতে সারাদেশে জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। গণভবনকে ফ্যাসিবাদবিরোধী জাদুঘর বানানোর কাজ শেষ। এছাড়া শহীদদের কবরগুলো সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানান তারা।