মোহনগঞ্জে ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন দাবি স্ত্রীর

লিপি রানী পাল বলেন, ২০২৫ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে মোহনগঞ্জের বসুন্ধরা মোড়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘নারায়ণ স্টোর’-এ দুর্বৃত্তরা তার স্বামী নারায়ণ চন্দ্র পালকে গলা কেটে হত্যা করে। ঘটনার দীর্ঘ আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন কিংবা জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মোহনগঞ্জে বিশিষ্ট মুদি ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল হত্যা মামলার রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় মোহনগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্য, বণিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নিহতের স্ত্রী লিপি রানী পাল আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বামী হত্যার বিচার দাবি করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

লিপি রানী পাল বলেন, ২০২৫ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে মোহনগঞ্জের বসুন্ধরা মোড়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘নারায়ণ স্টোর’-এ দুর্বৃত্তরা তার স্বামী নারায়ণ চন্দ্র পালকে গলা কেটে হত্যা করে। ঘটনার দীর্ঘ আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন কিংবা জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি অভিযোগ করেন, মামলাটির তদন্ত বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারের অধীনে থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি পাওয়া যাচ্ছে না। দ্রুত তদন্ত সম্পন্ন করে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন মোহনগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. মাসুদ মিয়া, সহ-সভাপতি হাজী দুদু মিয়া, গোলাম রব্বানী, বাবু বিমল চন্দ্র পাল, হাবিবুর রহমান দোহা, দীপক বণিক ও শ্যামল মোল্লা।