নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনের মার্কেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনের মার্কেটে বুধবার রাত সাড়ে ১০টায় বিদ্যুতের ট্রান্সফরমায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই মার্কেটের পোল্ট্রি ফার্ম, লাইব্রেরি, সেনেটারি ও আইসক্রিমের গুদাম ঘরসহ পাঁচটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা ওসমান গণি বলেন, ‘আমাদের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।’
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিববুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।



