কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমির মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালীন একটি অবিস্ফোরিত বোমাসদৃশ মর্টারশেল উদ্ধার হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।
রোববার (১৫ মার্চ) সকালে মর্টারশেলটি ধ্বংস করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক (এসআই) সানা উল্লাহ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর মজিদ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কৃষি জমিতে কাশিপুর গ্রামের আবদুল লতিফ নামে এক ব্যক্তি মর্টারশেলটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বোম ডিসপোজাল ইউনিট ও সিটিটিসিকে খবর দেয়া হয়। রোববার সকালে ডিএমপির সিটিটিসির পরিদর্শক মোদাচ্ছের কায়সার, পিপিএমের নেতৃত্বে ও চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক সানা উল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় খালি জায়গায় মর্টারশেলটি ধ্বংস করা হয়।
বিশেষজ্ঞ টিম জানায়, মর্টারশেলটি অনেক পুরাতন হলেও এখনো সক্রিয় রয়েছে। সম্ভবত এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে নিক্ষেপ করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক সানা উল্লাহ বলেন, ‘মর্টারশেলটি উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রোববার সকালে বোম ডিসপোজাল ইউনিট, সিটিটিসি ও ডিএমপির বিশেষজ্ঞ টিম মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।’



