আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে নতুন মাইলফলক অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং-২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ৪০১-৬০০তম অবস্থানে উঠে এসেছে গাকৃবি।
বুধবার (২৪ জুন) টিএইচই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে।
এবারের মূল্যায়নে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বাংলাদেশ থেকে মোট ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে।
জাতিসঙ্ঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা ও সামগ্রিক অবদানের ভিত্তিতে এ র্যাঙ্কিং তৈরি করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে গাকৃবি ৭৪ দশমিক ৮ স্কোর নিয়ে বিশ্বের ৮২তম অবস্থানে রয়েছে। এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৭৮ দশমিক ৩ স্কোর পেয়ে বৈশ্বিকভাবে ৬৬তম স্থান অর্জন করেছে। এছাড়া এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ৬৮ দশমিক ৫ থেকে ৭৪ দশমিক ৫ স্কোর নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ১০১-২০০তম অবস্থানের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছর টিএইচই ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে যেখানে গাকৃবির অবস্থান ছিল বৈশ্বিকভাবে ৮০১-১০০০তম, সেখানে মাত্র এক বছরের ব্যবধানে ৪০১-৬০০তম অবস্থানে উঠে এসেছে। এ অগ্রগতি বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা সক্ষমতা, উদ্ভাবনী কার্যক্রম এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়েও গাকৃবি ধারাবাহিক সাফল্য দেখিয়েছে। টিএইচই র্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৫ ও ২০২৬ সালে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জনের পাশাপাশি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI)-২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন ট্রান্সফার টেকনোলজি’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করে।
অন্যদিকে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস-২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান লাভ করে গাকৃবি।
এ বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই অর্জন শুধু একটি র্যাঙ্কিংয়ের সাফল্য নয়, এটি শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।’
তিনি বলেন, ‘এই সাফল্য আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিকমানের শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশের উন্নয়ন এবং বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা আরো কার্যকর ভূমিকা রাখতে চাই।’
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় মূল্যায়ন ব্যবস্থা, যেখানে জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান পরিমাপ করা হয়।



