ঈদগাঁওয়ে জমি দখলের চেষ্টা পুলিশের হস্তক্ষেপে পণ্ড

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Eidgaon

কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি জবরদখলের চেষ্টা পুলিশের হস্তক্ষেপে পণ্ড হয়ে গেছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপের খীল রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুল্লাহ কায়েস জানান, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের জন্য অধিগ্রহণ করা জমির সামনে তাদের মালিকানাধীন ৫১ শতক জমি দখলের চেষ্টা করে আসছিলেন স্থানীয় কাউছার প্রকাশ কাউছার বৈদ্য। এ ঘটনায় এর আগে কাউছার বৈদ্যসহ চারজনের বিরুদ্ধে ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, জিডি করায় ক্ষিপ্ত হয়ে কাউছার বৈদ্য শতাধিক লোকজন নিয়ে ওই জমি দখলের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় জমি দখলের চেষ্টাকারীরা পালিয়ে যায়।

অভিযুক্ত কাউছার বৈদ্য ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তিনি বিভিন্ন মামলার পলাতক আসামি বলে জানা গেছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।